নাচোলে ওলামা সমাবেশ : কোরআন-সুন্নাহর আলোকে দেশ গড়ার অঙ্গীকার

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মতবিনিময় সভা ও ওলামা সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৮টায় উপজেলার বেগম মহসিন ফাজিল মাদ্রাসায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথিসহ বক্তারা কোরআন ও সুন্নাহর আলোকে দেশ পরিচালনার মাধ্যমে চাঁদাবাজ, দুর্নীতি ও ঘুষমুক্ত সমাজ গড়ার আহ্বান জানান।
সমাবেশে নাচোল উপজেলার ওলামায়ে কেরামগণ অংশগ্রহণ করেন। উপজেলা ওলামা সংগঠনের সভাপতি মাওলানা কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা বলেন, একটি আদর্শিক ও নৈতিক সমাজ গঠনে দেশের আলেম-ওলামাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের অগ্রগতি ও সুষ্ঠুভাবে দেশ পরিচালনায় তাঁদের সক্রিয় অংশগ্রহণ একান্ত জরুরি।
প্রধান অতিথি জেলা জামায়াতের আমীর মাওলানা আবুজার গিফারী তাঁর বক্তব্যে কোরআন ও সুন্নাহর নির্দেশনা অনুযায়ী রাষ্ট্র ও সমাজ পরিচালনার ওপর জোর দেন। তিনি বলেন, “ইসলামের আদর্শ অনুসরণ করেই কেবল একটি জনকল্যাণমুখী ও শান্তিময় দেশ গড়া সম্ভব। সমাজ থেকে চাঁদাবাজি, দুর্নীতি এবং ঘুষের মতো ব্যাধি দূর করা সম্ভব।”
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমান, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক ইয়াহইয়া, উপজেলা আমীর প্রভাষক ইয়াকুব আলী, মাওলানা আসাদুজ্জামান, মাওলানা রইস উদ্দিন।