এসআইএল ইন্টারন্যাশনালের রজতজয়ন্তী উৎসব

চাঁপাইনবাবগঞ্জে জাতিগত সংখ্যালঘু ভাষা সম্প্রদায়ের ভাষা, সংস্কৃতি এবং জীবনযাত্রার উন্নয়নে কাজ করা সংগঠন এসআইএল ইন্টারন্যাশনালের রজতজয়ন্তী উৎসব পালিত হয়েছে। সোমবার চাঁপাইনবাবগঞ্জ শহরের শহীদ সাটু হলে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে রজতজয়ন্তী উৎসব উদ্যাপন করা হয়।
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন— রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জেভার্স রোজারিও। এসআইএল ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর কর্ণেলিয়াস টুডুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন— সদর উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, জেলা কালচারাল অফিসার রাজু আহমেদ, সনাকের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম রেজা, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন দিলু, ওয়ার্ল্ড ভিশন চাঁপাইনবাবগঞ্জ’র এরিয়া প্রোগ্রাম ম্যানেজার জেমস বিশ্বাস, সদর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা এম.এ. মতিন, আদিবাসী নেতা কর্ণেলিউস মুরমুসহ অন্যরা।
আলোচনা শেষে রজতজয়ন্তীর কেক কাটেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ২০০০ থেকে ২০২৫ সাল পর্যন্ত ২৫ বছরের অর্জনসমূহ তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য প্রজন্ম থেকে প্রজন্মে জীবন্ত রাখতে এই সংস্থা একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে অঙ্গীকারবদ্ধ থেকেছে, যেখানে প্রতিটি মানুষ নিজেদের ভবিষ্যৎ নিজেরাই গড়ে তুলতে সক্ষম হচ্ছেন এবং ক্ষমতায়িত হয়ে উঠছেন।
সংস্থার অর্জনসমূহ ডিজিটাল মাধ্যমেও প্রদর্শন করা হয় এবং উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এসব অর্জনের ভূয়সী প্রশংসা করেন।
বিকেলে কয়েকটি নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর নিজস্ব পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন শান্তা মারিয়া ডিকস্তা ও অ্যাম্ব্রাশ টুডু।