শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সংলাপ ও গম্ভীরা

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুদের প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মী, আদিবাসী প্রতিনিধি এবং প্রভাব বিস্তারকারী স্টেকহোল্ডারদের অংশগ্রহণে সংলাপ ও সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে সদর উপজেলার দেবিনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দেবিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজের সভাপতিত্বে সংলাপে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ইউপি সদস্য সায়েরা বেগম ও আব্দুল মান্নান।
এদিকে রবিবার বিকেলে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দেলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গম্ভীরার মাধ্যমে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গম্ভীরার মাধ্যমে বাল্যবিয়ে প্রতিরোধ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে এলাকার সাধারণ জনগণকে সচেতন করা হয়।
গম্ভীরা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবরাতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নুরুল ইসলাম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আদিবাসী জনপ্রতিনিধি কর্নেলিউস মুরমু, মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, রেডিও মহানন্দার সহকারী স্টেশন ম্যানেজার মো. রেজাউল করিম এবং প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট (পিএফটিআই)-এর টিম লিডার আহমেদ ফ্রান্স। এছাড়াও এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। গম্ভীরা পরিবেশন করেন প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের নাট্যকর্মীরা।
উল্লেখ্য, ইউনিসেফ ও ওয়ার্ল্ড ভিশন চাঁপাইনবাবগঞ্জের সহায়তায় এসএসবিসি প্রকল্পের উদ্যোগে এই সংলাপ ও গম্ভীরার আয়োজন করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও বাল্যবিয়ে ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন