শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

১৭ বছর পর দেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেছেন। বৃহস্পতিবার সকাল ৯টা ৫৬ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমানটি সিলেট ওসামানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে এক ঘণ্টা বিরতির পর ঢাকার উদ্দেশে যাত্রা করে বিমানটি। পরে তাকে বহনকারী বিমানটি রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বেলা ১১টা ৪০ মিনিটে।
এর মাধ্যমে দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান।
ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তারেক রহমানকে প্রথমে ফুল দিয়ে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে একে একে আলিঙ্গন করেন। এছাড়া উপস্থিত নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
এরপর তারেক রহমানকে ফুলের মালা দিয়ে বরণ করেন তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান এবং দেশে থাকা পরিবারের অন্য সদস্যরা।
বিমানবন্দর থেকে বের হয়ে ৩০০ ফিটে দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাতে যান তারেক রহমান।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ভিআইপি লাউঞ্জ থেকে তারেক রহমানকে বহনকারী গাড়ি ৩০০ ফিটের উদ্দেশে বের হওয়ার সঙ্গে সঙ্গেই মিছিল শুরু করেন বিপুল সংখ্যক নেতাকর্মী। সবার মুখে মুখে ছিল তারেক তারেক স্লোগান। এ সময় বাসের সামনের গ্লাসের ভেতর থেকেই নেতাকর্মীদের হাত নেড়ে অভিবাদন জানান তারেক রহমান।
সকাল থেকে সাংবাদিকের বাইরে কাউকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশে কড়াকড়ি আরোপ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে তারেক রহমানের বের হওয়ার পর থেকে আচমকা স্লোগান ধরেন বিপুলসংখ্যক নেতাকর্মী। এ সময় গাড়ি বহরের সামনে ও পেছনে নিরাপত্তা প্রাচীর গড়ে তোলেন পুলিশ, সেনা ও আর্মড পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নেতাকর্মীদের ভিড় সামলাতে তাদের হিমশিম খেতে হয়।
উল্লেখ্য, তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ ফ্লাইটটি স্থানীয় সময় গত বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। প্রায় ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরার এই যাত্রায় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

শেয়ার করুন