শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

স্মৃতিতে, মূল্যায়নে রেডিও মহানন্দা

মাহফুজ ফারুক

ক.
বাসের চাকা ঘুরছে। আমি বসে আছি বাসের ভেতর। নওগাঁ শহর পেছনে ফেলে বাস ছুটে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে। জানালার ফাঁক দিয়ে তখন দূরের মাঠ দেখছি। দোল খাচ্ছে মৃদু বাতাস। সাথে দোল খাচ্ছে ভাবনার ডালপালা। এই ভাবনা নতুন কিছুকে ছুঁয়ে দেখার, কান পেতে শোনার, বোঝার, হৃদয়ঙ্গম করার। বলছি ২০১২ সালের ২৯ মার্চের কথা। তখন কাজ করছি নওগাঁর কমিউনটি রেডিও— বরেন্দ্র রেডিওতে। বরেন্দ্র রেডিওর একজন সম্প্রচার যোদ্ধা হিসেবে চাঁপাইনবাবগঞ্জের রেডিও মহানন্দায় অনুষ্ঠিতব্য ৩ দিনের একটি কর্মশালায় যোগদানের জন্যই এই ছুটে চলা। কর্মশালায় তো অনেক কিছু শিখব, অভিজ্ঞতা বিনিময় হবে। সেটি নিয়ে এক ধরনের কৌতূহল তো রয়েছেই। কিন্তু কর্মশালার সেই কৌতূহল ছাপিয়ে আমার কাছে যেন একটু বেশিই কৌতূহল জাগিয়ে তুলেছিল রেডিও মহানন্দা।

খ.
শহরে পৌঁছার অনেক আগেই সন্ধ্যা পেরিয়েছে। এখন রাত। একটি বেসরকারি হোটেলে আমাদের থাকার ব্যবস্থা। সেখানে পৌঁছানোর পূর্বে হাসিব ভাইকে কল করলাম (হাসিব হোসেন, রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক)। হোটেলে পৌঁছে বিস্মিত হলাম। কারণ, অভ্যর্থনা জানানোর জন্য স্বয়ং হাসিব ভাই সেখানে উপস্থিত রয়েছেন। তার স্নেহধন্য সান্নিধ্য মুহূর্তেই যাত্রার সকল ক্লান্তি মুছে দিল। মনে মনে ভাবলাম, বস তো যে কেউই হতে পারেন; কিন্তু লিডার হতে পারেন ক’জন? হাসিব ভাই সেই ক’জনের মধ্যে অন্যতম একজন। যদিও এনাম ভাইয়ের (প্রকৌশলী, এনামুল হক বিপন) কাছে হাসিব ভাই সম্পর্কে আগে থেকেই জানার সুযোগ হয়েছিল। তারই যেন এক বাস্তব রূপ অবলোকন করলাম।

গ.
পরদিন সকাল। পৌঁছলাম কর্মশালার ভেন্যুতে, রেডিও মহানন্দায়। পুরো স্টেশন ঘুরে দেখার সুযোগ হলো। কথা হলো টুটুল ভাইসহ (রেজাউল করিম টুটুল) আরো কয়েকজন সম্প্রচারকর্মীর সাথে। রেডিও মহানন্দার অবকাঠামো এবং ইন্টেরিয়র এতটাই মুগ্ধ করেছিল যে, সেখান থেকে ফেরার পর বরেন্দ্র রেডিও পরিবারের সদস্যদের জানিয়েছিলাম— বরেন্দ্র রেডিও যদি একটি রেডিও স্টেশন হয়, তাহলে মহানন্দাকে বলতে হবে টেলিভিশন স্টেশন! শুনে তারা বিস্মিত হোন।
তিন দিনের কর্মশালায় অনেক শেখা, অনেক অভিজ্ঞতা বিনিময়, অনেক স্মৃতি। যখনই সময় পেতাম তখনই মহানন্দা শোনার চেষ্টা করতাম। স্টেশন আইডি বেজে উঠলেই মনো হতো— আমি বুঝি চোখের সামনে মহানন্দা নদীর বয়ে চলা দেখছি। নদীকে ধারণ করে একটি রেডিও স্টেশনের নামকরণ! কত চমৎকার একটা ব্যাপার। শুধু কি চমৎকার? এর ভেতর কি শুধু নদীর নামটিই আছে? না, এর সাথে জড়িয়ে আছে ইতিহাস, আছে ভূগোল, আছে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা, উত্থান-পতন, পরম্পরা আর ঐতিহ্যকে ধারণের বিষয়টিও। রেডিও মহানন্দার নামকরণ দেশ ও দেশের বাইরে নদী মহানন্দার এক অনন্য প্রতিনিধি হয়ে চাঁপাইনবাবগঞ্জকে উচ্চে তুলে ধরেছে নিজস্ব স্বকীয়তায়। সেই তুলে ধরাও ঠিক যেন নদীর মতোই বহমান।
কানে বাজছে রেডিও মহানন্দা। শুনছি স্টেশন আইডি, সিগনেচার টিউন, অনুষ্ঠান, সংবাদ, গান, লাইভ সম্প্রচার, বিজ্ঞাপনও। হঠাৎ কান আটকে যায় গম্ভীরা অনুষ্ঠানে। সম্প্রচার সূচিতে নিয়মিত গম্ভীরার আয়োজন রেডিও মহানন্দাকে এমন এক স্বতন্ত্র বৈশিষ্ট্য দিয়েছে, যা বাংলাদেশের খুব কম রেডিওতেই পাওয়া যায়। আমাদের নদীগুলো যেভাবে মরে যাচ্ছে, আমাদের নিজন্ব ও স্থানীয় সংস্কৃতির চর্চা যেভাবে সংকুচিত হচ্ছে, সেখানে রেডিও মহানন্দা যেন নতুন আশার আলো জ্বেলে আমাদের পথ দেখাচ্ছে। মরা নদীর বুকে জলরাশির সঞ্চার এবং ক্ষয় হতে থাকা সংস্কৃতিকে কণ্ঠে তুলে ধরে একে আরো বেশি শিল্পসুষমায় ভরিয়ে তোলা এবং সময়োপযোগী করে শ্রোতা-দর্শকদের কাছে অপরিহার্য করে তোলার যে নিরন্তর প্রচেষ্টা, সেই প্রচেষ্টার জন্য রেডিও মহানন্দা যেন এক অডিও-ভিজ্যুয়াল জাদুঘর হয়ে উঠেছে। হয়ে উঠেছে চর্চার প্ল্যাটফর্ম। আর্কাইভের প্ল্যাটফর্ম। এর সাথে কমিউনিটির মানুষের চাহিদার নিরিখে অনুষ্ঠান, তথ্য প্রদান ও সংবাদ পরিবেশনের বিষয়টি তো রয়েছেই।

ঘ.
তিন দিনের কর্মশালা শেষে যখন নওগাঁয় ফিরছি তখন মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে হাজার আইডিয়া, হাজার পরিকল্পনা, হাজার স্বপ্ন। মাত্র তো তিন দিনের আয়োজন। তিন দিনের আতিথেয়তা। কিন্তু সামান্য এ সময়ে রেডিও মহানন্দা এবং চাঁপাইনবগঞ্জ যা দিয়েছে তা যেন হাজার বছরের পাওয়া। রূপান্তর ও রেডিও মহানন্দার যৌথ আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় কীভাবে কমিউনিটি রেডিও স্থায়িত্বশীলতা অর্জন করবে; এই ভাবনার জট খোলার চেষ্টা যেমন হয়েছে, তেমনি ছিল বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ অনেক সেশন, সেসব মুহূর্তগুলো মনে পড়ছে। মনে পড়ছে মহানন্দা নদী দেখার, ছোট সোনামসজিদ দেখার আর স্থলবন্দর হয়ে আমবাগানে ঘুরে বেড়ানোর মুহূর্তগুলোও। চাঁপাইনবাবগঞ্জ! আহা চাঁপাইনবাবগঞ্জ! নিজেকে ঋদ্ধ করার এক অদৃশ্য বাঁধনে যেন এখানে বাঁধা পড়ে গেলাম। জয়তু রেডিও মহানন্দা। জয়তু চাঁপাইনবাবগঞ্জ।

মাহফুজ ফারুক : কমিউনিটি রেডিও পরামর্শক, লেখক ও উপস্থাপক

শেয়ার করুন