শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

বিভীষণ সীমান্তে আবারো ৫ বাংলাদেশী আটক

চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আসায় আরো ৫ বাংলাদেশী নাগরিককে আটক করে পুলিশে দিয়েছে বিজিবি।
রবিবার সকালে জেলার গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত পিলার ২১৯/৭১-আর হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের ভেতরে লালমাটি খাড়ির ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— নড়াইল জেলার কালিয়া থানার জামিলডারা গ্রামের মৃত শহিদ লস্করের ছেলে কামরুল লস্কর (৪৬), কামরুল লস্করের ছেলে মো. সাদ্দাম লস্কর (২২), কামরুল লস্করের স্ত্রী মোছা. লিপি লস্কর (৪০), মো. কামরুল লস্করের মেয়ে মোছা. ফিরোজা (১৬), বাগেরহাট জেলার মোল্লারহাট থানার কাটা দূর গ্রামের মো. আশরাফুলের ছেলে মো. হায়দার সরদার (২৩)।
১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম ও গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি আরো জানায়, ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে রবিবার সকাল পৌনে ৮টার দিকে লালমাটি খাড়ির ঘাট এলাকায় এই ৫ বাংলাদেশী নাগরিক ঘোরাঘুরি করছিলেন। তারা অবৈধভাবে বাংলাদেশে আসায় তাদেরকে আটক করা হয়েছে। পরে তাদেরকে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়।
নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।
এদিকে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক আটককৃতদের নাম, ঠিকানাসহ জানান, রবিবার সকাল পৌনে ৯টার দিকে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ বিওপির সীমান্ত দিয়ে ৫ জনকে পুশইন করা হলে পরে বিজিবি তাদেরকে আটক করে। তাদের মধ্যে ৩ জন পুরুষ ও ২ জন মহিলা রয়েছেন। তিনি আরো জানান, আটককৃতদের সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন