র্যাবের অভিযানে শিবগঞ্জে গানপাউডার সদৃশ গুঁড়া বস্তু ও ককটেল তৈরির সামগ্রী উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিপুল পরিমাণ পরিত্যক্ত অবস্থায় গানপাউডার সদৃশ গুঁড়াবস্তু ও ককটেল তৈরির সামগ্রী উদ্ধার করেছে র্যাব। গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার জিলানী মোড় এলাকার একটি আমবাগান থেকে এই গানপাউডার উদ্ধার করা হয়।
সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এই তথ্য জানায়।
র্যাব আরো জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের জিলানী মোড় বাঁধ এলাকায় একটি আমবাগানের মধ্যে সন্দেহজনক অবস্থায় কিছু পলিথিনের ব্যাগ পড়ে আছে। এমন খবর পেয়ে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৩টি সাদা রঙের পলিথিনের ভেতর সাদা, কালো ও লালচে রঙের ২ কেজি ১৫০ গ্রাম গানপাউডার সদৃশ গুঁড়া পদার্থ ও বোমা তৈরির সরঞ্জাম পাওয়া যায়। এছাড়াও একটি সাদা পলিথিন ব্যাগের ভেতর কাচের গুঁড়া, ভাঙা ব্লেড, লোহার তারকাটা, ৩টি লাল রঙের কসটেপ, ১৩টি জর্দার কৌটা আলামত হিসেবে জব্দ করা হয়।