বেগম খালেদা জিয়ার মৃত্যু : গায়েবানা জানাজায় অঝোরে কাঁদলেন হারুনসহ মুসল্লিরা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জে বৃহস্পতিবারও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ১১টায় জেলাশহরের ফকিরপাড়া নিমতলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, বিকেলে পৌর পার্ক এবং গোমস্তাপুরে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
ফকিরপাড়া নিমতলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত জানাজায় অংশ নিয়ে বক্তব্য দেয়ার সময় অঝোরে কেঁদেছেন বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা পরিষদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী হারুনুর রশীদ। এসময় মুসল্লিরাও কেঁদে ফেলেন।
জানাজা শেষে মোনাজাতে মহান আল্লাহর কাছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করেন। জানাজার নামাজে ইমামতি করেন ফকিরপাড়া পুরাতন জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ আল মামুন।
অন্যদিকে বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে সদর উপজেলা ও চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির আয়োজনে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
গোমস্তাপুর প্রতিনিধি আল মামুন বিশ্বাস জানান, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেল ৩টায় রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় উপস্থিত ছিলেন— সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম, জামায়াত মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমান, বিএনপি নেতা সাবেক কাউন্সিলর আশরাফুল ইসলাম, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসুম, পার্বতীপুর ইউনিয়ন বিএনপি নেতা ইয়াসিন আলী সর্দার, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুলসহ ছাত্রদল-যুবদল নেতাকর্মীবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ীসহ নানা শ্রেণী-পেশার মানুষ।
মোনাজাত পরিচালনা করেন রহনপুর ইউসুফ আলি সরকারি কলেজের ইমাম মাওলানা সোলাইমান আলী।
এছাড়া বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআনখানি, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাধানগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাধানগর ইউনিয়ন পরিষদ আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মতিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, মোজাম্মেল হক, আক্কেলপুর মাদ্রাসার হাফেজিয়া মাদ্রাসার প্রধান আবু তাহের, ইউপি সদস্য নুরুল ইসলামসহ এলাকার লোকজন।
পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।