শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

নির্বাচনে আমাদের কাজ হবে স্বচ্ছ : বান্দরবানে ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য এখন থেকেই আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। যে কোনো অবস্থাতেই যেন নির্বাচন বিঘ্নিত না হয়। আমাদের দায়িত্ব হচ্ছে সৎভাবে, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা। নির্বাচনে আমাদের কাজ হবে স্বচ্ছ। সবাই আইন অনুযায়ী কাজ করবেন।
সোমবার সকালে বান্দরবান পুলিশ লাইনস প্রাঙ্গণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে বিশেষ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে সকলকে। কোনো পক্ষ অবলম্বন করবেন না। বর্তমান সময়ে সবচেয়ে বড় বিষয় হচ্ছে দৃঢ়ভাবে কাজ করা।
তিনি আরো বলেন, মাঝপথে ছোটখাটো যে বিষয়গুলো হয়েছিল, সেগুলো আমাদের মনোবলের ওপর প্রভাব ফেলেছিল। আমরা সেই পর্যায়গুলো অতিক্রম করে আমাদের মনোবল আবারো প্রতিস্থাপিত করতে পেরেছি।
এ সময় উপস্থিত ছিলেন— জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো. আবদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরদার, জিনিয়া চাকমা, জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল আলমসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রসঙ্গত, একদিনের সফরে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বান্দরবান সফরে আসেন। সফরকালে তিনি পুলিশের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভায় অংশ নেন।
পরে জেলা প্রশাসক কার্যালয়ে ভিজিল্যান্স ও অবজারভেশন টিম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেলের সভায় যোগ দিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।

শেয়ার করুন