সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন বিএনপি প্রার্থী হারুনুর রশীদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ সদস্য সাবেক এমপি হারুনুর রশীদ।
মঙ্গলবার রাতে স্থানীয় একটি হোটেলে তিনি এই মতবিনিময় করেন। এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের সুরে সুর মিলিয়ে হারুনুর রশীদ বলেন— “আই হ্যাভ অ্যা প্ল্যান ফর চাঁপাইনবাবগঞ্জ পিওপল।” আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে আমি যদি সুযোগ পাই, তাহলে আমি চাঁপাইনবাবগঞ্জকে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজী, টেন্ডারবাজী বন্ধ করে সবদিকদিয়ে একটি আধুনিক চাঁপাইনবাবগঞ্জ হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য আমি আমার ইশতেহারের জন্য কিছু পরিকল্পনা তৈরি করেছি। আপনারা জানেন, ৫ বার নির্বাচন করে চারবার এমপি হয়েছি এবং আমি পরিকল্পনা করে সকল কাজ করেছি। আগামীতেও আমি আপনাদের সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।
আমার পরিকল্পনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, দুর্নীতিমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ে তোলা, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, বৈষম্যহীন ন্যায়ভিত্তিক সমাজ গঠন করা, নিয়োগ বাণিজ্য বন্ধ করা, শিক্ষা ব্যবস্থা ও কৃষির আধুনিকায়ন, কৃষকদের প্রশিক্ষণ করে দক্ষ করে গড়ে তোলা, মৎস্য গবেষণা ইনস্টিটিউট স্থাপন, খাল বিল খনন পুনর্খনন করে পানি সংরক্ষণ করে কৃষিসহ সকল কাজে লাগানো, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করা যাতে সাধারণ মানুষ নিবিঘ্নে স্বাস্থ্যসেবা নিতে পারে, নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা করা, পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যবস্থা গ্রহণ করা, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন, কম দামে সরবরাহের জন্য সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন, পদ্মা ও মহানন্দা নদীর ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ, রাবার ড্যামের ভাটিতে খরা মৌসুমে পানি সমস্যার সমাধান, সোনামসজিদ স্থলবন্দর এবং রহনপুর ও আমনুরা রেলবন্দরের অবকাঠামো উন্নয়ন করে পূর্ণাঙ্গ বন্দর করা, গ্রামীণ রাস্তাগুলো প্রশস্ত করণ এবং সোনামসজিদ—যমুনা সেতু পর্যন্ত মহাসড়ককে চার লেনে উন্নীত করণ, নয়াগোলায় সেতু নির্মাণ করে শহরের যানজট নিরসন, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন, বাবুডাইংকে ইকোপার্ক করা, তৃতীয় ভাষা চালুর ব্যবস্থা করা ইত্যাদি।
হারুনুর রশীদ বলেন— আমি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। আমি চাই গণমাধ্যম কর্মীরা স্বাধীনভাবে কাজ করবেন। স্বাধীনভাবে মতপ্রকাশ করবেন। আমি বা আমার কিংবা কর্মীর কোনো অনিয়ম পেলে তা তুলে ধরবেন। তবে স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে অবশ্যই বস্তু নিষ্ঠতা বজায় রাখতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। হারুনুর রশীদ সাংবাদিকদের কাছ থেকে পরামর্শসহ সহযোগিতা কামনা করেন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, সিটিজিএ’র সভাপতি রফিকুল আলম। এসময় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি হোসেন শাহনেয়াজ, জেলা কৃষকদের আহ্বায়ক তসিকুল ইসরাম তসি ও বিএনপি নেতা নজরুল ইসলামসহ অন্যান্য নেতৃবন্দ।