ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মিলন আলী (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে ভোলাহাটু—কানসাট আঞ্চলিক সড়কের খাসপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন আলী শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধোমানীনগর গ্রামের বিকল আলীর ছেলে।
স্থানীয় সূত্র ও ইউপি সদস্য মো. ইব্রাহীম জানান, শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে মিলন আলী মোটরসাইকেল যোগে বাড়ি থেকে ভোলাহাটের দিকে যাচ্ছিলেন। এসময় খাসপাড়া মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাটি ভর্তি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা খান মিলন। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন।