শিবগঞ্জ সীমান্ত ৫৯ বিজিবি’র অভিযানে ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার
- তিনবছরে ৩৩টি দেশি বিদেশি পিস্তল
- ৩৯৮ রাউন্ড গুলি ও ৪১টি ম্যাগাজিন উদ্ধার
- গ্রেপ্তার ১৫ জন
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলার ৭৫ কিলোমিটার সীমান্ত পাহারা দিচ্ছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি। অবৈধ অস্ত্র, মাদক, মানবপাচারসহ সকল প্রকার চোরাচালান প্রতিরোধে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজিবি সদস্যরা। বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিজিবির টহল তৎপরতা বৃ্িদ্ধ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্ত এলাকার একটি আম বাগান থেকে মালিকবিহীন অবস্থায় ২টি বিদেশী ওয়ান শুটার গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি।
শুক্রবার সাকলে চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলায় ব্যাটালিয়ন সদর দপ্তরে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন ।
বিজিবি অধিনায়ক বলেন, সীমান্ত পিলার ১৮২/৩-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের ভেতরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের উনিশবিঘা গ্রামের একটি আমবাগানে অভিযান চালায় আজমতপুর বিওপির একটি টহল দল। অভিযানে টহল দল মালিকবিহীন ২টি বিদেশী ওয়ান শুটার গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করে। অধিনায়ক বলেন—প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত অস্ত্রগুলো দেশের আভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা বিঘ্নিত ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার করার জন্য আনা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি সাধারণ ডায়েরী করে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
মহানন্দা ব্যাটালিয়ন অধিনায়ক আরো জানান, গত তিন বছরে ১৫ জন আসামিসহ ৩৩টি দেশী বিদেশী পিস্তল, ৩৯৮ রাউন্ড গুলি ও ৪১টি ম্যাগাজিন উদ্ধার করেছে ৫৯ বিজিবি। এর মধ্যে গত ৬ মাসে ৬টি বিদেশী অস্ত্র/ওয়ান শুটার গান, ১২ রাউন্ড গুলি এবং ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।