জ্বালানি তেলের দাম বাড়ছে না, মজুতে লাভ নেই : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

জ্বালানি তেলের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি সতর্ক করে বলেন, কেউ তেল মজুত করে লাভবান হতে পারবে না।
বুধবার সচিবালয়ে সরকারের এক মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সম্মেলনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং সচিব মাহবুবা ফারজানাও উপস্থিত ছিলেন।
জাহেদ উর রহমান বলেন, বৈশ্বিক সংকটের কারণে জ্বালানি পরিস্থিতিতে চাপ তৈরি হয়েছে। তবে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে এবং আপাতত তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। তিনি বলেন, বাজারে আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কেনা ও মজুতের প্রবণতা দেখা যাচ্ছে, যা পরিস্থিতিকে আরো জটিল করছে। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, জ্বালানি তেলের দাম বাড়ছে না। তাই মজুত করে রাখার কোনো যৌক্তিকতা নেই বলেও উল্লেখ করেন তিনি।
সরকারি ব্যবস্থাপনায় সমন্বয়হীনতার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, হঠাৎ করে চাহিদা বেড়ে যাওয়ায় সরবরাহ ব্যবস্থায় চাপ পড়েছে। ঈদের আগে স্বাভাবিক হিসাবের তুলনায় কয়েক ঘণ্টার মধ্যেই অনেক পাম্পে তেল শেষ হয়ে গেছে, যা মূলত মানুষের আতঙ্কজনিত আচরণের ফল। তিনি আরো বলেন, সরকার চাইলে তেলের দাম বাড়াতে পারত, কারণ আন্তর্জাতিক বাজারে উচ্চমূল্যে জ্বালানি কিনতে হচ্ছে। তবে জনগণের ওপর বাড়তি চাপ এড়াতে সে পথে যায়নি।
উপদেষ্টা জানান, বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি খাতে কিছু চাপ থাকতে পারে। এ অবস্থায় সবাইকে সচেতন আচরণ করার আহ্বান জানান তিনি।