নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাত ৯টায় ঝটিকা অভিযান এমপি ড. মিজানুরের

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পূর্ব ঘোষণা ছাড়াই গত মঙ্গলবার রাত ৯টায় আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। ঝটিকা অভিযানে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার নানা অনিয়ম ও নোংরা পরিবেশ দেখে চরম ক্ষোভ প্রকাশ করেন তিনি।
পরিদর্শনকালে সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় তিনি হাসপাতালের ওয়াশরুমগুলো অত্যন্ত অপরিচ্ছন্ন এবং দরজায় ছিটকিনি নেই দেখতে পান। রোগীদের বেডের নিচে ডাবের খোসাসহ ময়লা-আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখেও ক্ষোভ প্রকাশ করেন। অনেক গুরুত্বপূর্ণ পয়েন্টে বৈদ্যুতিক বাল্ব নষ্ট হয়ে পড়ে থাকতে দেখা যায়।
ড. মিজানুর রহমান ডিউটি রেজিস্টার যাচাই করতে গিয়ে দেখতে পান হাসপাতালের পরিচ্ছন্নতা কাজের জন্য নিয়োজিত ৫ জন কর্মী কর্মস্থলে অনুপস্থিত। এছাড়া রোগীদের দেওয়া খাবারের মান নিয়েও তিনি সংশ্লিষ্টদের সাথে কথা বলেন এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখেন।
হাসপাতালের এই বেহাল দশা দেখে ড. মু. মিজানুর রহমান তাৎক্ষণিক হাসপাতালের দায়িত্বরত কর্মকর্তা ও কর্মচারীদের ওপর ক্ষোভ প্রকাশ করেন। তিনি পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রোগীদের নিয়মিত ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করার কঠোর নির্দেশনা দেন এবং সরকারি হাসপাতালে সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিয়ে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম সহ্য করা হবে না বলে জানান।
পরিদর্শনকালে এমপির সঙ্গে অন্যদের মধ্যে উপজেলা জামায়াতের আমির প্রভাষক ইয়াকুব আলী, পৌর আমির মনিরুল ইসলাম ও নায়েবে আমির ডা. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।