চাঁপাইনবাবগঞ্জে গণহত্যা দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ‘গণহত্যা ও মুক্তিযুদ্ধ’ বিষয়ক আলোচনা সভার আয়োজন করে। বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন— স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, সদর উপজেলার নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী, চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ মশিউর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার কর্মকার, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক গোলাম মোস্তফা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ, জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল মতিন, জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মণসহ অন্যরা।
বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত বাঙালি জাতির ইতিহাসে এক বিভীষিকাময় অধ্যায়। সেই রাতে নিরস্ত্র বাঙালির ওপর নৃশংস হত্যাযজ্ঞ চালানো হয়, যা বিশ্ব ইতিহাসে গণহত্যার এক জঘন্য উদাহরণ হিসেবে চিহ্নিত। মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বক্তারা গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি ২৫ মার্চের কালরাতে শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।তিনি বলেন, “শহীদদের রক্তে ভেজা এই জনপদকে আমাদেরই রক্ষা করতে হবে। নাচোল উপজেলাকে একটি আদর্শ ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।” তিনি আরো বলেন, “দলমত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে নাচোল উপজেলাকে দুর্নীতি, চাঁদাবাজ এবং মাদকমুক্ত একটি সুস্থ সমাজ ব্যবস্থা উপহার দেওয়াই আমাদের লক্ষ্য। এই লড়াইয়ে কোনো বিভেদ নয়, বরং ঐক্যই আমাদের মূল শক্তি।”
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) (ভারপ্রাপ্ত) সুলতানা রাজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, উপজেলা জামায়াতের আমির প্রভাষক ইয়াকুব আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, পৌর জামায়াতের আমির মনিরুল ইসলাম ও নায়েবে আমির ডা. রফিকুল ইসলাম, নাচোল থানার ওসি (তদন্ত) মো. সৈকত।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে ২৫ মার্চের ভয়াল রাতে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জেও ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন এক আলোচনা সভার আয়োজন করে।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার তৌফিক আজিজের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. কেরামত আলী। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলার গোমস্তাপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে স্মৃতিচারণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী। স্মৃতিচারণমূলক আলোচনা সভায় সূচনা বক্তব্য দেন— সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল। অন্যদের মধ্যে বক্তব্য দেন— সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াসিম আকরাম, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম।
আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।