গোমস্তাপুরে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা
ঝুলানো ছিল ‘পাম্পে তেল নেই’ মিলল ৯৭৮৩ লিটার তেল
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুটি „ফিলিং স্টেশনে মোবাইল কোর্টের অভিযান চালানো হয়েছে। অভিযানে জ্বালানি তেল থাকার পরও ‘তেল নেই’ বলে স্টিকার টানানোর অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, শুক্রবার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির মুন্সীর নেতৃত্বে দুটি ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচলনা করা হয়। স্টেশন দুটি হলো— মেসার্স মানিক রতন ফিলিং স্টেশন এবং মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার ফিলিং স্টেশন। এই দুটির মধ্যে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় অবস্থিত মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার ফিলিং স্টেশনে তেল মজুত থাকা সত্ত্বেও বিক্রি না করার অপরাধে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন মোবাইল কোর্টের বিচারক জাকির মুন্সী।
অভিযানকালে মোবাইল কোর্ট দেখতে পান মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার ফিলিং স্টেশনে ‘পাম্পে তেল নেই’ স্টিকার ঝুলিয়ে রেখে তেল বিক্রি বন্ধ রাখা হয়েছে। পরে স্টোরেজ যাচাই করে ফিলিং স্টেশনটিতে ২ হাজার ৩৬৮ লিটার পেট্রোল, ৩ হাজার ৭৬০ লিটার ডিজেল এবং ৩ হাজার ৬৫৫ লিটার অকটেন মজুত রয়েছে বলে নিশ্চিত হন।
মোবাইল কোর্টের বিচারক জাকির মুন্সী বলেন, উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় অবস্থিত মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার ফিলিং স্টেশনে পেট্রোল, ডিজেল, অকটেন মজুত থাকা সত্ত্বেও গ্রাহকের কাছে বিক্রি করছিল না। মজুত থাকার পরও পণ্য বিক্রয় না করার অপরাধে ওই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়েছে। এছাড়া মজুত থাকা জ্বালানি তেল বিক্রয়ের কার্যক্রম শুরু করা হয়। তিনি বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে তেল মজুত রাখা ও ভোক্তার অধিকার লঙ্ঘনের দায়ে এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে।