রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা কসিমুদ্দীনের দাফন সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা কসিমুদ্দীনের দাফন সম্পন্ন হয়েছে।
গত সোমবার বিকেলে বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ মাঠে দাফনের আগে বীর মুক্তিযোদ্ধার প্রতি পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ উপস্থিত ছিলেন।
পরে সন্ধ্যা সাড়ে ৭টায় বালিয়াডাঙ্গা ঈদগাহ ময়দানে জানাজা শেষে বালিয়াডাঙ্গা কেন্দ্রীয় গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।
গত রবিবার বীর মুক্তিযোদ্ধা মো. কসিমুদ্দীন পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত স্ট্রোক করেন। গত সোমবার দুপুর সাড়ে ১২টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দুই ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা কসিমুদ্দীন ১৯৪০ সালের ১ জুলাই বালিয়াডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বীরত্বের পরিচয় দেন। ভোলাহাটের মুশরিভুজা বিদ্যালয়ে সম্মুখযুদ্ধের বীরত্বগাঁথা মুক্তিযুদ্ধের দলিলপত্র নামক বইয়ে তাঁর নাম স্থান পায়। কর্মজীবনে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।