শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে আরো ২৭ শিশু হাসপাতালে

চাঁপাইনবাবগঞ্জে কমছে না হামের প্রাদুর্ভাব। প্রতিদিন ২৫ থেকে ৩০ জন শিশু নতুন করে হামের উপসর্গ নিয়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হচ্ছে। এ নিয়ে রীতিমত ভাবিয়ে তুলেছে স্বাস্থ্য বিভাগকে। জেলা প্রশাসনও বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বার্তা পাঠিয়েছে।
জেলা হাসপাতালের হামবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২৭ জন শিশু হামের উপসর্গ নিয়ে জেলা হাসপাতালে ভর্তি হয়েছে। তাদেরকে হামবিষয়ক আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এই ২৭ জনের মধ্যে ১৬ জন ছেলে ও ১১ জন মেয়ে শিশু রয়েছে।
এর আগের দিনও ২৭ জন শিশু হামের উপসর্গ নিয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছিল।
বিষয়টি নিয়ে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী সাংবাদিকদের জানিয়েছেন, হামের বিষয়টি আমাদের নজরে এসেছে এবং কী করা যায় সে ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বার্তা পাঠানো হয়েছে।
বুধবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই তথ্য জানান।
প্রসঙ্গত, হামের লক্ষণের মধ্যে রয়েছে— প্রথমে জ্বর হয় ও শরীর ম্যাজ ম্যাজ করে বা হালকা ব্যথা লাগে। প্রথম এক-দুই দিন তীব্র জ্বরও হতে পারে। চোখ-মুখ ফুলে উঠতে পারে। চোখ লাল হয়ে যেতে পারে, চোখ দিয়ে পানি পড়তে পারে। নাক দিয়ে পানি পড়তে পারে এবং হাঁচিও হতে পারে। শরীরে ছোট ছোট লালচে গুটি/ফুসকুড়ি দেখা দেয় এবং দ্রুতই তা সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে। এ সময় বিশেষত শিশুরা কিছুই খেতে চায় না এবং ভীষণ দুর্বল হয়ে পড়ে।

শেয়ার করুন