গোমস্তাপুরে আগামীকাল থেকে অ্যাপসের মাধ্যেম জ্বালানি তেল বিক্রি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ফিলিং স্টেশনগুলোতে অ্যাপসের মাধ্যমে জ্বালানি তেল বিক্রির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, ফিলিং স্টেশনের মালিক, সংশ্লিষ্ট ট্যাগ অফিসার, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, আগামীকাল বুধবার থেকে অ্যাপসের মাধ্যমে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু করবে প্রশাসন। অনিয়ম রোধে জেলা প্রশাসনের সহযোগিতায় এই অ্যাপসটি চালু করা হয়েছে। একটি মোটরসাইকেলে ৫০০ টাকার জ্বালানি তেল নিতে পারবে গ্রাহকরা। এতে অনেকটা শৃঙ্খলা ফিরে আসবে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।
মোটরসাইকেল চালক বাবলু জানান, তেল নিতে এসে অনেক হয়রানি হতে হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকা কষ্টদায়ক হয়ে পড়ত। বাইরের লোকজন এসে ভিড় করত। অনেকে বারবার তেল নিয়ে যেত। অনেকে তেল না পেয়ে ফেরত যেত। এটা হলে ভোগান্তি কমবে বলে তিনি জানান।
জনি নামে আরেকজন জানান, পাম্পে তেল নিতে গেলে অনেক ভোগান্তিতে পড়তে হয়। রোদে দাঁড়িয়ে দিনে একবার তেল পেলেও অনেকে বারবার তেল নিয়েছে। অনেকে মোটরসাইকেলে তেল থাকা সত্ত্বেও পুনরায় তেল নেয়ার পর ট্যাঙ্কি ভর্তি হয়ে মাটিতে পড়তে দেখা গেছে। তার ধারণা, অ্যাপসের মাধ্যমে তেল নিলে অনেকটা ভোগান্তি কমবে। অনিয়ম অনেকটা রোধ হবে।
ফিলিং স্টেশন মালিকরা জানান, অ্যাপসের কার্যক্রমের প্রস্তুতি নিয়ে রেখেছেন। তেল বিক্রিতে অনেকটা বিশৃঙ্খলা হতো। সেটা কমে আসবে।
উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী বলেন, অনিয়ম, বিশৃঙ্খলা, কালোবাজারি দূর করতে জেলা প্রশাসনের সহযোগিতায় এই অ্যাপসটি চালু করা হচ্ছে। বুধবার থেকে এই অ্যাপসের মাধ্যমে তেল নিতে হবে গ্রাহককে। অ্যাপসে গ্রাহকের গাড়ির লাইসেন্স নম্বরসহ অন্যান্য তথ্য সংরক্ষণ থাকবে। একজন ৫০০ টাকার তেল নিতে পারবে। অন্য কোনো ফিলিং স্টেশনে আর পারবে না। এটা শুরু হলে গ্রাহকের অনেকটা ভোগান্তি দূর হবে বলে তিনি জানান।