শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার এসব কর্মসূচির আয়োজন করে জেলা সিভিল সার্জন কার্যালয়।
সকালে র‌্যালি বের হয়ে কোর্ট চত্বর ঘুরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যের রাজশাহী বিভাগের পরিচালক ডা. হাবিবুর রহমান। এসময় তিনি বলেন, বর্তমান সময়ে এক বছরের কম বয়সী শিশুরা হামে আক্রান্ত হচ্ছে। আর চাঁপাইনবাবগঞ্জে ৭৬ শতাংশই আক্রান্ত হয়েছে এক বছরের কম বয়সী শিশুরা। তিনি বলেন, সাধারণত মায়ের বুকের দুধ খেলে বাচ্চার শরীরের অ্যান্টিবডি তৈরি হয়। তবে মায়ের যদি যথেষ্ট অ্যান্টিবডি না থাকে তাহলে বাচ্চাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। তাই মায়েদের অ্যান্টিবডি কীভাবে বাড়ানো যায় সেজন্য আমাদের কাজ করতে হবে।
ডা. হাবিবুর রহমান আরো বলেন, টিকা, ভিটামিন ও হাইজিন সম্পর্কে বেশি বেশি প্রচারণা চালাতে হবে। কমিউনিটি ক্লিনিকগুলোতে স্বাস্থ্য শিক্ষা দিতে হবে। কমিউনিটি ক্লিনিকগুলো ঠিকমতো খোলা থাকছে কিনা, সেখানে কাজ হচ্ছে কিনা— সেগুলো মনিটরিং করা দরকার। তিনি বলেন, সকলের সহযোগিতা ছাড়া স্বাস্থ্যকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই সকল দপ্তর ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান একসাথে কাজ করলে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারব।
সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন— ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বিভাগীয় কর্মকর্তা ডা. এ কে এম কামরুজ্জামান, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মসিউর রহমান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সুলতানা পাপিয়া ও ডা. ইনজামাম উল হক।
আলোচনা সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে স্বাস্থ্যের বিভন্ন দিক তুলে ধরেন সার্ভিলেন্স ইমিউনাইজেশন মেডিকেল অফিসার ডা. ফারহানা ইসলাম।
এসময় আরো বক্তব্য দেন— জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্য আব্দুর রহিম, ব্র্যাকের জেলা প্রতিনিধি মোমেনা খাতুন, জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয়করী রাফিউল ইসলাম।
র‌্যালি ও আলোচনা সভায় সহযোগিতা করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি, ফুড ফর দ্যা হাংরি, ব্র্যাক, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, আপস, সূর্যের হাসি ক্লিনিক, ফ্যামিলি হেলথ ইন্টারন্যাশনাল, নূরা হেলথ।

শেয়ার করুন