ডিএনসি’র পৃথক অভিযানে গোমস্তাপুর ও সদরে চোলাইমদসহ ৪ জন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের হরিপুর ও খরপা এলাকায় এবং জেলার সদর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামে পৃথক চারটি অভিযান চালিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের (ডিএনসি) সদস্যরা। রবিবার চালানো এসব অভিযানে চোলাইমদ ও মদ তৈরির উপকরণসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজন নারীও রয়েছেন।
ডিএনসি’র উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান পৃথক চারটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান, রবিবার সকাল ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে ডিএনসি’র একটি দল জেলার গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের হরিপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে ১৫ লিটার চোলাইমদ ও উপকরণ হিসেবে ব্যবহৃত ওয়াশ ৫০ লিটারসহ অপুদাস (২২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অপুদাস হরিপুর গ্রামের এনরিকো দাসের ছেলে। তার স্থায়ী ঠিকানা হচ্ছে নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার শিবরামপুর গ্রামে। তার বিরুদ্ধে উপপরিদর্শক মামুনুর রশিদ বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
অন্যদিকে একই দিন সকাল ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে পার্বতীপুর ইউনিয়নের খরপা গ্রামে অভিযান চালানো হয়। এই অভিযানে ১০ লিটার চোলাইমদ ও ১০০ লিটার ওয়াশসহ শ্রী সমরা (৪৮) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সমরা খরপা গ্রামের শ্রী মাহাতোর ছেলে। এ ব্যাপারে তার বিরুদ্ধে উপপরিদর্শক মামুনুর রশিদ বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
অন্যদিকে একই দিন জেলার সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে একটি অভিযান চালানো হয়। এই অভিযানে ৫ লিটার চোলাইমদ ও ৩০০ লিটার ওয়াশসহ শ্রীমতি রেবতি রাণী (৩৫) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রেবতি ওই গ্রামের শ্রী রতন মল্লিকের স্ত্রী। তার বিরুদ্ধে পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। রবিবার সকাল ১০টার দিকে এই অভিযান চালানো হয়।
এছাড়া বেলা ১১টার দিকে একই গ্রামের তাছেম আলীর বাড়িতেও অভিযান চালানো হয়। এই অভিযানে আড়াই লিটার চোলাইমদ ও ২৫০ লিটার ওয়াশসহ তাছেম আলীর স্ত্রী মোসা. পারভিন বেগম (৪৩)কে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।