চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ হাম পরিস্থিতি নতুন ভর্তি ৫০ শিশু

চাঁপাইনবাবগঞ্জে সন্দেহভাজন হাম পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় ৫০ জন হাম সন্দেহভাজন শিশুকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৩১ জন ছেলে ও ১৯ জনকন্যা শিশু রয়েছে।
এর আগের দিন ২৪ ছেলে ৩১ জন কন্যাশিশুসহ ভর্তি ছিল ৫৫ জন শিশু। তাদের মধ্যে সুস্থ হওয়ায় ২১ জন ছেলে ও ১০ জন কন্যাশিশুসহ ৩১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। এক ছেলে শিশুর অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বতর্মানে ভর্তি আছে ৭৩ জন শিশু। তাদের মধ্যে ৩৩ জন ছেলে ও ৪০ জন কন্যাশিশু রয়েছে।
এদিকে হামের সন্দেহভাজন রোগীর সংখ্যা বৃদ্ধি হবার পর হাসপাতাল কর্তৃপক্ষ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তৃতীয় তলায় হাম আইসোলেশন কক্ষ চালু করেন। হাসপাতালে রোগী ধারণ ক্ষমতা আর জনবলের কথা চিন্তা করে এই একটি কক্ষেই হাম সন্দেহভাজন শিশুদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। শিশুর সংখ্যা বেশি হওয়ায় মেঝেতে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে। হঠাৎ করে একদিনে ৫০ শিশু ভর্তি হওয়ায় বিপাকে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এতগুলো শিশুকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। একটি কক্ষে এতগুলো শিশু ও শিশুদের মায়েদের ভিড়ে যাচ্ছেতাই অবস্থার সৃষ্টি হয়েছে।
২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মসিউর রহমান গৌড় বাংলাকে বলেন— হাসপাতালের অন্য ওয়ার্ডগুলোও খালি নেই যে, সেখানে এই শিশুদের রাখার ব্যবস্থা করব। পাশাপাশি জনবল নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।