নাচোলে জেলা প্রশাসকের মতবিনিময়
জনদুর্ভোগ নিরসনে বন্ধ ফিলিং স্টেশন দ্রুত চালুর আশ্বাস

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বরেন্দ্র অঞ্চলের কৃষি ও জনপদ নিয়ে বিদ্যমান নানা সংকট নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর আড়াইটায় নাচোল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনর এই সভার আয়োজন করে।
সভায় উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু মিজানুর রহমান ও চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
নাচোল এলাকার প্রধান চ্যালেঞ্জ হলো কৃষি এবং সুপেয় পানির সংকট। উন্মুক্ত আলোচনা পর্বে স্থানীয় সুধীজন এই সমস্যাগুলো জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন।
জবাবে জেলা প্রশাসক বলেন, “বরেন্দ্র এলাকার মানুষের প্রধান নির্ভরতা কৃষি। এখানকার কৃষিকাজ সচল রাখা এবং সাধারণ মানুষের পানির সংকট নিরসনে প্রশাসন সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করবে।”
দীর্ঘদিন ধরে বন্ধ থাকা নাচোলের মেসার্স সুইটি ফিলিং স্টেশনটি নিয়ে সাধারণ মানুষের ভোগান্তি পোহানোর বিষয়টি সভায় তুলে ধরা হলে ফিলিং স্টেশনটি দ্রুত চালুর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন জেলা প্রশাসক। এছাড়া কৃষকরা যাতে সময়মতো সার পায় এবং কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সে ব্যাপারে সংশ্লিষ্টদের কঠোর তদারকির নির্দেশ দেন তিনি।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোছা. সুলতানা রাজিয়ার সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন— উপজেলা জামায়াতের আমির প্রভাষক ইয়াকুব আলী ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোবারক হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, পৌর জামায়াতের আমির মনিরুল ইসলাম, নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ।
সভায় বক্তারা নাচোলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বিত প্রচেষ্টায় নাচোলে একটি জনবান্ধব প্রশাসনিক কাঠামো গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয় মতবিনিময় সভায়।