সোনামসজিদে ৫৭৭ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ : প্রাইভেটকারসহ একজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫৭৭ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে ৫৯ বিজিবি। এঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এই তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকায় সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের মক্কা স্কেলের সামনে অবস্থান করে। এর একপর্যায়ে একটি প্রাইভেটকার গতিরোধ করে তল্লাশি করে। এসময় ২৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপসহ আব্দুল্লাহ আল-আরাফাত শুভ (২৬) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শুভ নওগাঁ জেলার মান্দা উপজেলার শামুকখোল গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে। তিনি জানান, জায়গাটি সীমান্ত পিলার ১৮৫/২-এস হতে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের ভেতরে।
গোলাম কিবরিয়া আরো জানান, অপর অভিযানটি একই বিওপির আরেকটি একটি টহল দল সীমান্ত পিলার ১৮৫/১৫-এস হতে আনুমানিক ৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একই ইউনিয়নের বালিয়াদিঘী গণকবর সংলগ্ন দীঘির পাড়ে চালানো হয়। এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ফেনসিডিলের বিকল্প ৫৪৯ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ ডিএক্স সিরাপ জব্দ করা হয়। এ সময় একটি সংঘবদ্ধ মাদককারবারিরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
আটক ব্যক্তিসহ জব্দকৃত মাদক ও প্রাইভেটকার বিষয়ে বিজিবির পক্ষ হতে আইনি প্রক্রিয়ার কাজ চলমান রয়েছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, মহানন্দা ব্যাটালিয়ন বিগত ৩ মাসে সীমান্তে অভিযান চালিয়ে ১৩ জন আসামিসহ প্রায় ৪ হাজার ৫০০ বোতল ফেনসিডিলের বিকল্প কয়েক ধরনের নেশাজাতীয় সিরাপ আটক করেছে।