গোমস্তাপুরে গ্রীষ্মকালীন কৃষিপ্রণোদনা পাচ্ছেন ৬২৭০ জন কৃষক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গ্রীষ্মকালীন ফসলের আবাদ উৎপাদনের লক্ষে মুগ, তিল, পাটসহ আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী।
চলতি মৌসুমে গোমস্তাপুর উপজেলার ৮টি ইউনিয়ন ও রহনপুর পৌরসভার ৬ হাজার ২৭০ জন প্রান্তিক কৃষককে এই প্রণোদনা দেওয়া হচ্ছে।
এর মধ্যে উফশী ধানের বীজ ৬ হাজার জন, গ্রীষ্মকালীন মুগ বীজ ১৭০ জন, তিল বীজ ৭০ জন, পাট বীজ ৩০ জন পাচ্ছেন। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এগুলো দেওয়া হচ্ছে।
এর আগে উপজেলা কৃষি বিভাগ আয়োজিত একই স্থানে বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার সাকলাইন হোসেন। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী। অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন— যুব উন্নয়ন কর্মকর্তা মো. পারভেজ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাকীব উদ্দিন, ইব্রাহীম খলিলসহ অনেকে।
উল্লেখ্য, উপকারভোগী ৬ হাজার কৃষককে উফশী ধানের জন্য ৫ কেজি ধানের বীজসহ ১০ কেজি ডিএফপি ও এমওপি সার, ১৭০ জনকে মুগ ডালের জন্য ৫ কেজি বীজসহ ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার, ৭০ জনকে তিল বীজের জন্য ১ কেজি করে বীজসহ ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার, ৩০ জনকে পাট বীজের জন্য ১ কেজি করে বীজসহ ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার কৃষিপ্রণোদনা সহায়তা হিসেবে দেওয়া হচ্ছে।