শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

নতুন সিনেমার প্রস্তুতি নিচ্ছেন ঐশী

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’-এর মুকুট জয়ের পর আটঘাট বেঁধে শোবিজে নেমেছিলেন জান্নাতুল ফেরদৌস ঐশী। এক বছর হতে চলল শোবিজে অনিয়মিত এই মডেল-অভিনেত্রী। তাঁর সাথে কথা বলেন সংবাদমাধ্যম। গত বছর রোজার ঈদে মুক্তি পেয়েছিল ঐশী অভিনীত ‘আদম’। এক বছর পেরিয়ে গেলেও নতুন কোনো ছবি মুক্তি পায়নি তাঁর। কেন এমন হলো? জানতে চাইলে ঐশী বলেন, ‘বিরতিটা আসলে হুট করে হয়ে গেছে। ইচ্ছাকৃত বা পরিকল্পনা করে বিরতি দিইনি। একটা ছবি পুরোপুরি তৈরি থাকার পরও আসেনি। তা ছাড়া হুটহাট সিদ্ধান্তে ছবি হাতে নিই না।’ ঐশীর মুক্তি পাওয়া সর্বশেষ ছবি ‘আদম’-এর পরিচালক আবু তাওহীদ হিরণ ১৫ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এটিই ছিল পরিচালকের প্রথম ছবি। হিরণকে নিয়ে স্মৃতিচারণা করে ঐশী বলেন, “খবরটা শুনে হতবাক হয়ে গিয়েছিলাম। এত অল্প বয়সে এভাবে চলে যাবেন ভাবতে পারিনি। আমার ভীষণ আফসোস হচ্ছে, ‘আদম’-এর প্রচারণার পর আসলে তাঁর সঙ্গে আমার আর যোগাযোগ হয়নি।

এই ভেবে এখন খুব খারাপ লাগছে। আসলে পরিচিত সবার সঙ্গেই যোগাযোগ রাখা উচিত, কে কখন পৃথিবী ছেড়ে চলে যান তা বলা যায় না। মানুষ হিসেবে তিনি বেশ উদ্যমী ছিলেন, ছিলেন ভীষণ আত্মবিশ্বাসী। সেই আত্মবিশ্বাসের কারণেই নিজের প্রথম ছবি নিয়ে শামিল হয়েছেন ঈদে।” এদিকে, রায়হান রাফীর ‘নূর’ ছবির কাজ অনেক দিন আগে সম্পন্ন হলেও এখনো মুক্তি পাচ্ছে না। কেন মুক্তি পাচ্ছে না, এ নিয়ে প্রশ্ন ঐশীরও। ‘দেখুন আমি একজন অভিনেত্রী, আমার কাজ অভিনয় করা। ডাবিংটাও করে দিয়েছি। কিন্তু এখন কেন মুক্তি পাচ্ছে না সেটা তো আমার জানার কথা নয়। রাফী ভাই ব্যস্ত মানুষ, আমিও ব্যস্ত নিজের কাজে। এই ছবির ভবিষ্যৎ নিয়ে আমাদের মধ্যে কথাবার্তা হয় না। শুভ ভাই (আরিফিন শুভ) এই ছবির অন্যতম প্রযোজক ও নায়ক। তিনিও কেন নীরব আছেন জানি না।

হয়তো ভালো সময়ের অপেক্ষায় আছেন।’ ঈদে মুক্তি পাওয়া ১১টি ছবির কোনোটাই দেখেননি ঐশী। কেন দেখেননি জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘আসলে ব্যস্ততার কারণে একটা ছবিও দেখতে পারিনি।’ তবে খোঁজখবর রাখেন, “শুনেছি ‘রাজকুমার’ খুব ভালো চলছে, ‘দেয়ালের দেশ’-এর গানগুলো খুব ভালো লেগেছে, অবাক হয়েছি ঈদের এত ছবির ভিড়েও ‘কাজলরেখা’র মতো ফোক ছবিও চলছে। সব ছবির জন্যই শুভ কামনা রইল। তবে ঈদে কয়টা ছবি মুক্তি পাবে, এ নিয়ে আমাদের নীতিনির্ধারকদের একটা স্থায়ী সিদ্ধান্ত নেওয়া উচিত।’ সামনে নতুন ছবির প্রস্তুতি নিচ্ছেন। প্রযোজক সংস্থার কথা মেনে এ বিষয়ে কিছু বলতে চাইছেন না তিনি। অভিনেত্রীর কথায়, ‘শুধু এটুকু বলতে পারি, ছবিটা বিশাল ক্যানভাসের। ওটিটির অফারও আসছে, মনমতো মিলছে না দেখেই করা হচ্ছে না। এ ছাড়া আমি যেসব পণ্যের শুভেচ্ছাদূত, সেসবের প্রচারণার কাজ করে যাচ্ছি।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *