নাচোলে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পুকুরের পানিতে ডুবে মুনিরা ইয়াসমিন নামের ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কসবা ইউনিয়নের আখিলা রেলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু আখিলা গ্রামের শাজাহান আলীর মেয়ে।
কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব ও শিশুটির পরিবার জানান, সকাল সাড়ে ৭টার দিকে শিশু মুনিরা খেলতে গিয়ে সবার অগোচরে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। মনিরা বাড়ি না ফিরলে, তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে উদ্ধার করা হয়। পরে তাকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুনিরা ইয়াসমিনকে মৃত ঘোষণা করেন।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির মৃত্যুর খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছিল। ওসি জানান, বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।